logo
ads
২৬ এপ্রিল, ২০২৬

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু, আহত ৩৮

অনলাইন ডেস্ক

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু, আহত ৩৮

16px

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকা অঞ্চলের একটি মহাসড়কে শক্তিশালী বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৩৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবারের এই হামলাটিকে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির সবচেয়ে বড় সহিংস ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিস্ফোরণের ফলে প্যান-আমেরিকান মহাসড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মহাসড়কে বিস্ফোরিত হয়। এতে বেশ কিছু যানবাহন দুমড়েমুচড়ে যায় এবং কয়েকটি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে। 

বিস্ফোরণে হতাহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে বলে জানিয়েছেন কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজম্যান। উদ্ধারকারীরা এখনো নিখোঁজ কয়েকজনকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

কর্তৃপক্ষ এই হামলার পেছনে বিদ্রোহী গেরিলা দল 'ফার্ক'-কে (FARC) দায়ী করেছে। কোকো উৎপাদনের জন্য পরিচিত এই অঞ্চলটিতে তারা সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় হামলাকারীদের 'সন্ত্রাসী ও মাদক পাচারকারী' হিসেবে অভিহিত করেছেন। তিনি এদের দমনে সেনা অভিযানের নির্দেশ দিয়েছেন। 

কলম্বিয়ার সামরিক বাহিনীর প্রধান হুগো লোপেজ সংবাদ সম্মেলনে এই ঘটনাকে বেসামরিক মানুষের ওপর সরাসরি 'সন্ত্রাসী হামলা' বলে মন্তব্য করেন।

এই হামলার পর কাউকা অঞ্চলসহ দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উদ্ধারকাজ এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads